ধামাকার সিওও সিরাজুলসহ গ্রেফতার ৩

২৯ সেপ্টেম্বর, ২০২১ ০৯:৫৯  
প্রতারণা ও অর্থ-আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া মামলায় ধামাকা শপিংয়ের সিওও (চিফ অপারেটিং অফিসার) সিরাজুল ইসলাম রানাসহ ৩ জনকে গ্রেফতার দেখিয়েছে র‍্যাব। বুধবার র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে,প্রতারণা ও অর্থ-আত্মসাতের অভিযোগ এনে গাজীপুরের টংগী পশ্চিম থানায় সিরাজুল ইসলাম রানাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ধামাকার গ্রাহকরা। সেই মামলায় মঙ্গলবার দিবাগত রাতে দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ বিষয়ে দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। সূত্রমতে, 'ধামাকা শপিং ডটকমের' চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ ১১ জনের বিরুদ্ধে গাজীপুরের টঙ্গী থানায় সাড়ে ১১ লাখ টাকা প্রতারণার অভিযোগে টঙ্গীর উত্তর আউচপাড়া এলাকার বাসিন্দা ও পোশাক কারখানার পার্টস ব্যবসায়ী শামীম খান গত ২৩ সেপ্টেম্বর এই মামলা করেছেন। এই মামলায় আসামিরা হলেন- প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এস এম জসিম উদ্দিন ওরফে চিশতি, চেয়ারম্যান এম আলী ওরফে মোজতবা আলী, সিইও সিরাজুল ইসলাম ওরফে রানা, প্রধান ব্যবসা কর্মকর্তা দেবকর দে শুভ (৩২), নাজিম উদ্দিন আসিফ (২৮), হেড অব অ্যাকাউন্টস সাফওয়ান আহমেদ, ডেপুটি ম্যানেজার আমিরুল হোসাইন, আসিফ চিশতি, সিস্টেম ক্যাটাগরি হেড ইমতিয়াজ হাসান, ভাইস প্রেসিডেন্ট ইব্রাহীম স্বপন ও উপব্যবস্থাপনা পরিচালক নিরোধ বারান। এছাড়াও ই-কমার্সের নামে অস্বাভাবিক স্বল্পমূল্যে পণ্য সরবরাহের লোভ দেখিয়ে গ্রাহকের কাছ থেকে নেওয়া প্রায় ১১৭ কোটি টাকা অবৈধভাবে পাচারের প্রমাণ পেয়ে ধামাকা শপিংয়ের বিরুদ্ধে একটি মামলা হয়। গত ১০ সেপ্টেম্বর ধামাকা শপিংয়ের ব্যবস্থাপনা পরিচালক এসএমডি জসিম উদ্দিন চিশতিসহ তার স্ত্রী-দুই সন্তান ও এক ভাতিজা এবং ধামাকা শপিংয়ের আরেক পরিচালকসহ চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে সিআইডি।